1 ح

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে পেয়ে, উনার উম্মত হতে পেরে আমাদের কতটুকু খুশি প্রকাশ করা উচিত?? আমাদের খুশি প্রকাশের কোনো সীমা নেই। কারণ আমরা যাঁকে পেয়েছি, তিনি সাধারণ কেউ নন।

তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনাকে পাওয়া মানেই মহান আল্লাহ পাক উনার সবচেয়ে বড় রহমত পাওয়া।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

অর্থ: “বলুন, মহান আল্লাহ পাক উনার ফযল ও রহমত দ্বারা, সুতরাং এর দ্বারাই যেন তারা খুশি প্রকাশ করে। এটা তাদের সমস্ত জমাকৃত সম্পদ হতে উত্তম।” (পবিত্র সূরা ইউনুস শরীফ, আয়াত ৫৮)

এখানে ফযল ও রহমত বলতে তাফসীরে এসেছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে।

তাহলে কতটুকু খুশি হওয়া উচিত?

১. নিজের জান-মাল, সন্তান, পিতা-মাতার চেয়েও বেশি
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হই।” (বুখারী শরীফ)

যাঁকে এতটুকু ভালোবাসতে হয়, উনাকে পেয়ে খুশি তো তার চেয়েও বেশি হওয়ার কথা।

২. ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও বড় খুশি
ঈদুল ফিতর আর ঈদুল আযহা আমরা পেয়েছি উনার কারণেই। আর উনার আগমন মুবারক যেদিন হয়েছে, সেটাই তো সব ঈদের মূল। তাই উনার আগমন উপলক্ষে খুশি হবে সব খুশির চেয়ে বড়।

৩. শুধু একদিন নয়, সারাজীবন
আমরা একদিন মিষ্টি খেয়ে, আলোকসজ্জা করে শেষ করবো না। আমাদের খুশি প্রকাশ হবে-
- উনার স্মরণে দরুদ শরীফ পড়ে
- উনার সুন্নত মুবারক পালন করে
- উনার নাম মুবারক শুনলেই দরুদ পড়ে
- উনার শানে মাহফিল করে, উনার আলোচনা করে
- উনার উম্মত হতে পেরে প্রতিদিন শুকরিয়া আদায় করে

মোদ্দাকথা হলো, দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় দিলেও উনাকে পাওয়ার খুশির সমান হবে না। তাই আমাদের উচিত, যতটুকু সামর্থ্য আছে, জান-মাল, সময়, মুহব্বত দিয়ে সর্বোচ্চ খুশি প্রকাশ করা। আর এই খুশি হবে আদবের সাথে, মুহব্বতের সাথে, ইখলাছের সাথে।