উসমানীয় শেষ সুলতান আবদুল হামিদ খানের ব্যক্তিত্ব
(১২৯৩-১৩২৭ হিজরি-১৮৭৬-১৯০৯ খ্রিষ্টাব্দ)
সুলতান আবদুল হামিদ খান ছিলেন উসমানী সালতানাতের ৩৪তম সুলতান। তিনি ৩৪ বছর বয়সে ক্ষমতাসীন হন। উনার জন্ম ১৬ শাবান ১২৫৮ হিজরী- মুতাবিক-১৮৪২ খ্রিষ্টাব্দ।
১০ বছর বয়সে মাতৃহারা হন সুলতান। পরবর্তীতে সন্তানহীনা সৎমায়ের কোলেই লালিত পলিত হন এ মহান সুলতান। মহিয়সী ওই মা উনাকে গড়ে তুলেন সন্তানের মতো স্নেহ দিয়ে। সুলতানকে তিনি এতই মহব্বত করতেন যে, ইনতিকালের সময় তিনি সমুদয় সম্পদ ও ভূসম্পত্তি দিয়ে যান উনাকে।
সুলতানের জীবনে উনার সৎমায়ের দীক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছিল। তাঁর গাম্ভীর্য, দীনদারী এবং শান্ত ও নিচু কণ্ঠের কথাবার্তা খুব পছন্দ করতেন সুলতান। জীবনের শেষ দিন পর্যন্ত সুলতানের ব্যক্তিত্বের উপর এই মহীয়সী মায়ের ব্যক্তিত্বের প্রভাব ছিল সুস্পষ্ট।
আবদুল হামিদ খান ছানী সুলতানী প্রাসাদে যুগশ্রেষ্ঠ আদর্শিক চরিত্রবান শিক্ষকদের থেকে শিক্ষাগ্রহণ করেন। আরবি ও ফার্সি ভাষায় পান্ডিত্য অর্জন করেন। তিনি ছিলেন ইতিহাসের মনোযোগী ছাত্র। সাহিত্যের প্রতিও ছিল বিশেষ অনুরাগ।
এ ছাড়া ইলমে তাসাওউফের রহস্য সম্পর্কেও গভীর জ্ঞান লাভ করেন।
তুর্কি ও আরবি ভাষায় কাব্য রচনা করেন। এসব কাব্যে নিজের জীবনদর্শন ফুটিয়ে তোলেন।'
তিনি সামরিক বিদ্যাও অর্জন করেন। তলোয়ার চালনা এবং তিরন্দাজিতে ছিলেন অত্যন্ত দক্ষ। সর্বদা শরীরচর্চা করতেন। বিশ্ব রাজনীতির ওপর ছিল গভীর ও সূক্ষ্ম দৃষ্টি। সবসময় পুরো দেশের খবর রাখতেন।