মানুষ তিন ধরনের

১. দুনিয়াতে নিমজ্জিত ব্যক্তি,

২. তওবাকারী ব্যক্তি,

৩. আরিফ ব্যক্তি (যিনি মহান আল্লাহ পাক উনাকে চিনেন অর্থাৎ ওলিউল্লাহ।)।

প্রথম ব্যক্তি: যে ব্যক্তি দুনিয়ার মোহে নিমজ্জিত; সে কখনো মৃত্যুর কথা স্মরণ করে না। যদি সে তা কখনো স্মরণ করেও, তবে তা কেবলমাত্র দুনিয়ার ক্ষতির জন্য আক্ষেপ করার উদ্দেশ্যে করে। সে তখন মৃত্যুকে দোষারোপ করে এবং মৃত্যুর কারণে অসন্তুষ্ট হয়। এই অবস্থায় মৃত্যু সম্পর্কে চিন্তা করা তাকে মহান আল্লাহ পাক থেকে আরও দূরে নিয়ে যায়।

দ্বিতীয় ব্যক্তি: তওবাকারী ব্যক্তি, তিনি মৃত্যু সম্পর্কে অধিক চিন্তা করেন, যাতে আপন হৃদয়ে মহান আল্লাহ পাক উনার ভয় সৃষ্টি হয় এবং তওবা পূর্ণ হয়। তবে তিনি কখনো কখনো মৃত্যুকে অপছন্দ করতে পারেন এই আশঙ্কায় যে, মৃত্যু উনার তওবা পূর্ণ হওয়ার আগেই উনাকে নিয়ে যেতে পারে অথবা উনার পরকালের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার আগেই মৃত্যু এসে যেতে পারে।

তবে এই অবস্থায় উনার মৃত্যু অপছন্দ করা মহান আল্লাহ পাক উনার সাথে সাক্ষাতের অপছন্দ নয়। কেননা, তিনি মহান আল্লাহ পাক উনার সাক্ষাতকে ভয় পান না, বরং নিজের গাফলতি এবং অপরাধের কারণেই এই ভয় পাওযা। উনার উদাহরণ হলো: এমন একজনের মতো, যে তার প্রিয় মানুষের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু উপযুক্তভাবে প্রস্তুত হতে না পারার কারণে তার মাঝে ভয় কাজ করছে।
এই অবস্থার আলামত হলো;
তিনি সর্বদা প্রস্তুত থাকবেন এবং অন্য কোনো কাজে মনোযোগ থাকবেনা।যদি উনার মনোযোগ অন্য কাজে চলে যায়, তবে তিনি দুনিয়াতে নিমজ্জিত ব্যক্তির স্তরে নেমে আসবেন।

তৃতীয়ব্যক্তি: আরিফ ব্যক্তি; তিনি সর্বদা মৃত্যুকে স্মরণ করেন। কারণ মৃত্যু হলো উনার মাহবূব মহান আল্লাহ পাক উনার সাথে সাক্ষাতের সেতু। তিনি কখনোই প্রিয়তমের সাথে সাক্ষাতের সময়কে ভুলে যাননা। সাধারণত তিনি মৃত্যুর আগমন বিলম্বিত মনে করেন এবং তিনি মৃত্যুকে মহব্বত করেন, যাতে তিনি এই পাপের দুনিয়া থেকে মুক্তি পেয়ে মহান রব্বুল আলামীন উনার সান্নিধ্যে চলে যেতে পারেন।

যেমন এক ব্যক্তির উক্তি, ‘আমি এমন অবস্থায় রয়েছি, যেন আমার প্রিয়জন অভাবের মধ্যে আমার কাছে এসেছেন।,

সুতরাং, তওবাকারী ব্যক্তির মৃত্যুকে ভয় পাওয়ায় তিনি অযৌক্তিক নন।অনুরূপভাবে, মহান আল্লাহ পাক উনার সাথে সাক্ষাতের জন্য আগ্রহী ব্যক্তির মৃত্যুকে মহব্বত করাও অযৌক্তিক নয়।

এবার ফিকির করুন আপনি-আমি কোন প্রকারের মধ্যে রয়েছি।