নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَت عَبْدِ اللَّهِ بن عَمْرٍو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আমার পক্ষ থেকে একটি পবিত্র আয়াত শরীফ হলেও পৌঁছে দাও।” (বুখারী শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং; ৩৪৬১, সুনানুত তিরমিযী শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং; ২৬৬৯, মু’জামুল কবীর লিত্ব ত্ববারনী শরীফ; ১৫২৫, মুসনাদে আহমদ শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং; ৬৪৮৬, মা’রিফাতুস সুনান ওয়াল আছার লিল বায়হাক্বী শরীফ)
দাওয়াতের কাজ নিকট আত্মীয়দের থেকে শুরু করা ঃ
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا.
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা নিজেরা ও তোমাদের পরিবারবর্গকে জাহান্নাম থেকে হিফাযত করো।” (পবিত্র সূরা তাহরীম শরীফ: পবিত্র আয়াত শরীফ: ৬)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, পরিবারবর্গকে জাহান্নাম থেকে হিফাযত করো। এখান থেকে প্রমাণিত হলো যে, নিজের আহলিয়া ও ছেলে-মেয়েদেরকে সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে ইলিম শিক্ষা দেয়া ফরয। অন্যথায় পরিণাম জাহান্নাম। (তারগীব)
উল্লেখ্য, যদি পরিবারের সকল লোক হক্ব পথের অনুসারী না হয় তাহলে একার পক্ষে হক্ব মত, পথের উপর ইস্তিক্বামত থাকা অনেক কঠিন।
হযরত ফুক্বাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন, এই পবিত্র আয়াত শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, প্রত্যেক ব্যক্তির উপর তার আহলিয়া, সন্তানদেরকে হালাল-হারামসহ সম্মানিত শরীয়ত উনার যাবতীয় হুকুম-আহকাম শিক্ষা দেয়া এবং সে অনুযায়ী তাদেরকে আমল করানোর চেষ্টা করা ফরয। অপর এক পবিত্র পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে- কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব তাদের হবে, যাদের পরিবার-পরিজন সম্মানিত দ্বীন সম্পর্কে জাহিল ও গাফেল ছিল। (রুহুল মাআনী)
অন্য পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَانْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
অর্থ: “আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। (পবিত্র সূরা শু’আরা শরীফ; পবিত্র আয়াত শরীফ: ২১৪)