আত্মশুদ্ধি:
যে ১০ কারণে আত্মার মৃত্যু হয়—
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিরি ছিলেন বলখের বিখ্যাত বুজুর্গ ও আত্মশুদ্ধির পথিকৃৎ। দ্বিতীয় হিজরি শতকের অন্যতম শ্রেষ্ঠ সাধক হিসেবে তিনি সমধিক পরিচিত। পার্থিব ভোগ-বিলাস ও সম্ভ্রান্ত জীবন ত্যাগ করে তিনি ধর্মের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন।
তাবেয়ি যুগের বহু আলেম ও মুহাদ্দিসের সান্নিধ্য লাভ করেন। জ্ঞান, প্রজ্ঞা, ইবাদত এবং হৃদয়স্পর্শী নসিহার জন্য মুসলিম সমাজে তাঁর বিশেষ মর্যাদা ছিল।
তিনি একদিন বসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। এসময় একদল লোক জিজ্ঞাসা করলেন, ‘আমরা মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন?’
তিনি বললেন, ‘১০ কারণে তোমাদের হৃদয়ের মৃত্যু হয়েছে, এজন্য দোয়া কবুল হয় না।’ এরপর তিনি কারণগুলো উল্লেখ করেন:
১. তোমরা মহান আল্লাহ পাক উনাকে চিনেছ, কিন্তু উনার হক আদায় করোনি।
২. তোমরা কোরআন শরীফ পড়েছ, কিন্তু তাঁর ওপর আমল করোনি।
৩. তোমরা নবীজি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি উনার প্রতি মুহব্বতের দাবি করেছ, কিন্তু উনার সুন্নাহ পরিত্যাগ করেছ।
৪. তোমরা বলেছ, শয়তান তোমাদের শত্রু; অথচ তারই অনুসরণ করেছ।
৫. তোমরা বলেছ, জান্নাত সত্য, কিন্তু তার জন্য কোনো আমল করোনি।
৬. তোমরা বলেছ, জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করোনি।
৭. তোমরা বলেছ, মৃত্যু সত্য, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করোনি।
৮. তোমরা মানুষের দোষ-ত্রুটি নিয়ে ব্যস্ত থেকেছ, অথচ নিজেদের দোষ-ত্রুটি ভুলে গেছ।
৯. তোমরা তোমাদের প্রতিপালক উনার নেয়ামত ভোগ করেছ, কিন্তু তার শোকর আদায় করোনি।
১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছ, কিন্তু তাদের থেকে কোনো শিক্ষা গ্রহণ করোনি।
রেফারেন্স :
(আবু নুআইম আসফাহানি, হিলয়াতুল আউলিয়া, ৮/১৫-১৬)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , ‘তোমরা কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ —(সুনানে তিরমিজি, হাদিস: ১০৫৪)
প্রতিটি মৃতদেহ আমাদের বলে যায়, একদিন তোমাদেরও এ পথেই যেতে হবে। তাই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনার এই দশ সতর্কবার্তা মূলত হৃদয়ের রোগ নির্ণয়ের দশটি আয়না। এগুলো আমাদের প্রত্যেকের জন্য আত্মসমালোচনার উপকরণ।