সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৩)
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বরকতময় জিবনী মুবারক
সম্মানিত গাযওয়াতুল হুদাইবিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ মুবারক:
অতঃপর হযরত বুদাইল বিন ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুরাইশগণের নিকট গিয়ে বললেন, ‘আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাক্ষাত মুবারক করে এসেছি। আমি উনার নিকট একটা কথা শুনেছি, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের নিকট তা উপস্থাপন করবো।’ এ কথার প্রেক্ষিতে নির্বোধ এবং স্বল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বললো, ‘আমাদের এমন কোন প্রয়োজন নেই যে, আপনি কোন কথা আমাদের নিকট বর্ণনা করেন।’ কিন্তু যারা বুদ্ধিমান তারা বললো, ‘আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে কি শুনেছেন তা আমাদেরকে বলুন।’
হযরত বুদাইল বিন ওয়ারাকা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে যে সকল কথা মুবারক শুনেছিলেন, তাদের নিকট তা বর্ণনা করলেন। কুরাইশ কাফির মুশরিকরা সব কিছু শ্রবণ করে তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট মিকরায বিন হাফিস্কে প্রেরণ করলো।
তাকে দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘এ ব্যক্তি অঙ্গীকার ভঙ্গকারী।’ কিন্তু যখন সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট অগ্রসর হয়ে আলাপ-আলোচনা করলো। তখন তিনি তাকে সেই সব কথাই বললেন, যা হযরত বুদাইল বিন ওয়ারাকা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার সঙ্গী-সাথীদের নিকট বলেছিলেন। অতঃপর সেও পবিত্র মক্কা শরীফে ফিরে এসে কুরাইশ কাফির মুশরিকদেরকে তার আলাপ আলোচনার বিষয়াদি অবহিত করলো।
এদিকে হযরত বুদাইল বিন ওয়ারাকা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আপন খুযাআহ গোত্রের কয়েকজন লোকসহ আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে উপস্থিত হলেন। তুহামার অধিবাসীগণের মধ্যে এ গোত্রই (খুযাআহ) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুভাকাঙ্খী ছিলেন।
হযরত বুদাইল বিন ওয়ারাকা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ‘আমি কা’ব বিন লুওয়াইকে দেখে এসেছি যে, সে হুদায়বিয়াহর পর্যাপ্ত পানির আশ্রয়ের উপর শিবির স্থাপন করেছে। তাদের সঙ্গে শিশু এবং মহিলারাও রয়েছে। আপনার সঙ্গে যুদ্ধ করা এবং মহান আল্লাহ পাক উনার সম্মানিত ঘর মুবারক হতে আপনাদের নিবৃত্ত রাখার ব্যাপারে তারা বদ্ধপরিকর।’ নাউযুবিল্লাহ!
কুরাইশ কাফির মুশরিকরা মধ্যস্ততাকারী প্রেরণ:
আলাপ আলোচনার বিষয়াদি অবহিত হয়ে বনু কিনানাহ গোত্রের হুলাইস বিন আলকামা বললো, ‘আমাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট যেতে দাও।’ লোকেরা বললো, ‘বেশ তবে যাও।’ যখন সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উপস্থিত হলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে লক্ষ্য করে বললেন-
هٰذَا فُلاَنٌ، وَهُوَ مِنْ قَوْمٍ يُعَظِّمُوْنَ الْبُدْنَ، فَابْعَثُوْهَا
অর্থ: ‘এ ব্যক্তি এমন এক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত যারা হাদয়ীর পশুকে অনেক সম্মান করে। অতএব পশুগুলোকে দাঁড় করে দিন।’
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পশুগুলোকে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে স্বাগত জানালেন। এ অবস্থা প্রত্যক্ষ করে সে ব্যক্তি আনন্দে বিভোর হয়ে বলে উঠলো। এই সকল ব্যক্তিত্ব উনাদেরকে মহান আল্লাহ পাক উনার ঘর হতে বিরত রাখা কোন মতেই সমীচীন হবে না।’ এ কথা বলেই সে তার সঙ্গীদের নিকট ফিরে গেলো।
ফিরে গিয়ে সে কুরাইশ কাফির মুশরিকদের নিকট বললো, ‘আমি হাদয়ীর পশু দেখে এলাম যাদের গলায় হার দেওয়া আছে এবং পৃষ্ঠদেশ চিরে দেয়া হয়েছে। এজন্য মহান আল্লাহ পাক উনার ঘর থেকে তাদের নিবৃত্ত রাখা আমি সমীচীন মনে করছি না।’ তার এ সকল কথার প্রেক্ষাপটে কুরাইশ লোকজন ও তার মধ্যে এমন কিছু বাক্য বিনিময় হয়ে গেলো যার ফলে সে খুবই উত্তেজিত হয়ে পড়লো।
এমন সময় উরওয়া বিন মাসউদ সাক্বাফী হস্তক্ষেপ করলো এবং বললো, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব দিয়েছেন। তোমরা উনার প্রস্তাব গ্রহণ করে নাও এবং আমাকে উনার নিকট যেতে দাও।” অতঃপর কুরাইশদের পক্ষ থেকে সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উপস্থিত হয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলো।
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।