৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে ইউনূসের প্রতিষ্ঠানকে
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিচারক মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত এ রায় দেয়।

আদালতে ইউনূসের পক্ষে শুনানি করে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেয় হাইকোর্ট।

বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারক সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে। একইসঙ্গে প্রধান বিচারকের কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭Ñএই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায় রুল দেয়। গতকাল রুল খারিজ করলো হাইকোর্টের নতুন এ বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর।

আইনজীবী বলেন, দীর্ঘ শুনানির পর এই মামলাটি হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ বিচারক মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারক রেজাউল করিম মহোদয়ের বেঞ্চে রায় প্রদান করে এবং রুলটি ডিসচার্জ করা হয়। যার ফলে এই রায়টি ট্যাক্সেস ডিপার্টমেন্টের পক্ষে, তথা সরকারের পক্ষে আসে। এবং এতে জড়িত রাজস্বের পরিমাণ ৬৬৬ কোটি টাকা। যা এখন ট্যাক্সেস ডিপার্টমেন্ট এই প্রতিষ্ঠান থেকে আইন অনুযায়ী আদায় করতে পারবে এবং ডিমান্ড নোটিশ যথাযথভাবে ইস্যু করবে।