সুওয়াল-জাওয়াব : প্রসঙ্গঃ বোরকার ধরণ


সুওয়াল:

বোরকা কেমন হওয়া উচিত?



জাওয়াব:

বোরকা কালো হওয়াই উচিৎ। কারণ বোরকা পরিধান করা হয়ে থাকে বেগানা বা পরপুরুষের সাথে পর্দা রক্ষা করার জন্য এবং পরপুরুষের নিকট যাতে সৌন্দর্য প্রকাশিত না হয় সেজন্য। কালো ব্যতীত অন্য রংয়ের কাপড় পরিধানে সৌন্দর্য প্রকাশিত হয়, সেজন্য শুধুমাত্র কালো রঙের বোরকা পরিধান করাই আবশ্যক।



সুওয়াল:

পাতলা ও চিপা পোশাক পরিধান করা কতটুকু ঠিক?



জাওয়াব:

যেসব পাতলা ও চিপা পোশাক পরিধান করলে শরীর দেখা যায় তা পরিধান করা জায়িয নেই। এমন ধরনের পোশাক পরিধান করা উচিৎ যেন শরীর দেখা না যায়। কারণ পোশাক পরিধানের উদ্দেশ্যই হচ্ছে শরীর বা দেহ আবৃত রাখা।

কাজেই, যে পোশাক পরলে দেহ ভালভাবে আবৃত হয় না বরং দেহ দেখা যায় তা কখনোই জায়িয হতে পারে না। তা পরা আর না পরা উভয়ই সমান।

পুরুষ ও মহিলা সকলের জন্যেই সুন্নতী পোশাক পরিধান করাই ফরয। উক্ত পোশাকই উত্তম পোশাক। মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

وَلِبَاسُ التَّقْوٰى ذٰلِكَ خَيْرٌ

অর্থ: তাক্বওয়া বা সুন্নতী পোশাকই হচ্ছে উত্তম পোশাক। (পবিত্র সূরা আ’রাফ : আয়াত শরীফ ২৬)

অর্থাৎ যেসব পোশাক সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরিধান করেছেন উক্ত পোষাক পুরুষদের জন্য পরিধান করাটাই তাক্বওয়া ও সম্মানিত সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত অর্থাৎ ফরয। আর যেসব পোশাক হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং হযরত মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনারা পরিধান করেছেন উক্ত পোশাক মহিলাদের জন্য পরিধান করাটাই তাক্বওয়া ও সম্মানিত সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত অর্থাৎ ফরয।

সম্মানিত ও পবিত্র শরীয়ত অনুযায়ী পুরুষদের সুন্নতী পোশাক মুবারক হচ্ছে সেলাইবিহীন লুঙ্গি, সেলোয়ার। কাপড়ের গুটলীযুক্ত নিছফু সাক কোণাবন্ধ কোর্তা। সাদা, সূতি কাপড়ের চার টুকরা বিশিষ্ট টুপি। সাদা, সবুজ ও কালো রংয়ের পাগড়ী, পাঞ্জেগানা নামাযে ও সবসময় পরিধানের জন্য ৭ হাত বিশিষ্ট, তাহাজ্জুদ নামাযের জন্য ৩ হাত বিশিষ্ট, আর ঈদের নামাযে কখনো কখনো ১২ হাত বিশিষ্ট পাগড়ী পরিধান করা। পাগড়ির উপরে সাদা রুমাল পরিধান করা। বিশেষ ক্ষেত্রে জুব্বা ও চাদর পরিধান করা।

সম্মানিত ও পবিত্র শরীয়ত অনুযায়ী মহিলাদের সুন্নতী পোশাক মুবারক হচ্ছে সেলোওয়ার পরিধান করা। ফুলহাতা বিশিষ্ট নিছফু সাক কোনাবন্ধ গুটলীযুক্ত ক্বমীছ বা কোর্তা পরিধান করা। ওড়না পরিধান করা। চাদর ব্যবহার করা। বোরকা পরিধান করা।