পবিত্র যিলহজ্জ শরীফ মাস শুরু হওয়ার পূর্বেই যে আমল করতে হবে
--------------------------------------------------------------------
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ أُمِّ سَلَمَةَ عَلَيْـهَا السَّلَامُ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ مَنْ رَاٰي هِلَالَ ذِي الْحِجَّةِ وَ اَرَادَ اَنْ يُضَحِّيَ فَلَا يَاْخُذْ مِنْ شَعْرِهٖ وَلَا مِنْ اَظْفَارِهٖ

অর্থ: উম্মুল মুমিনীন হযরত আস সাদিসা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখলো এবং পবিত্র কুরবানী করার ইচ্ছা করলো, সে যেন (পবিত্র কুরবানী করা পর্যন্ত) তার শরীরের চুল, নখ ইত্যাদি না কাটে। (মুসলিম শরীফ)

অর্থাৎ চাঁদ উঠার আগেই শরীরের চুল, নখ ইত্যাদি কেটে ফেলতে হবে।

পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ تَـعَالٰي عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ أُمِرْتُ بِيَـوْمِ الْأَضْحٰي عِيْدًا جَعَلَهُ اللهُ لِهٰذِهِ الْأُمَّةِ قَالَ لَهٗ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيْحَةً أُنْـثٰى أَفَأُضْحِيَّ بِهَا قَالَ لَا وَلٰكِنْ خُذْ مِنْ شَعْرِكَ وَأَظْفَارِكَ وَتَـقُصَّ شَارِبَكَ وَتَحْلِقُ عَانَـتَكَ فَذٰلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللهِ

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে, মহান আল্লাহ পাক তিনি এই উম্মতের জন্য পবিত্র কুরবানী উনার দিনকে ঈদ সাব্যস্ত করেছেন। এক ব্যক্তি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কী বলেন, যদি আমি মানিহায়ে উনসা (দুধ খাওয়ার উটনী) ব্যতীত আর কোন পশু না পাই, তবে কি সেটাই কুরবানী করব? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, না। বরং আপনি (কুরবানীর দিন) আপনার চুল, নখ কাটবেন, গোঁফ খাটো করবেন এবং পশম কাটবেন তাহলে মহান আল্লাহ পাক উনার নিকট একটি পূর্ণ কুরবানীর সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ! (আবূ দাঊদ শরীফ)

উল্লেখ্য, মানিহায়ে উনসা হলো এমন গাভী উটনী যেগুলো ক্রয় করা ব্যতীত মালিকের কাছ থেকে শুধুমাত্র দুধ পান করার শর্তে নেয়া হয়। যে ব্যক্তি শুধুমাত্র দুধ পান করার শর্তে নিয়েছে, সে এ ধরণের পশু কুরবানী করতে পারবে না। কেননা এই পশু তার মালিকানায় থাকে না। আর কুরবানীর জন্য মালিকানা থাকা শর্ত।

উল্লেখিত দুখানা পবিত্র হাদীছ শরীফ উনাদের থেকে প্রতীয়মান হয় যে, যারা কুরবানী করবে এবং যারা কুরবানী করবে না উভয়ই যদি পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার আগে তাদের চুল, নখ ইত্যাদি কাটে এবং কুরবানীর পূর্ব পর্যন্ত এসব আর না কাটে, তাহলে তারা একটি পূর্ণ কুরবানীর ছাওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ!

বিশেষভাবে উল্লেখ্য এবছর আগামী ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার দিবাগত সন্ধ্যায় পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ তালাশ করতে হবে। তাই সকলকে সোমবার মাগরিবের পূর্বেই নখ, চুল ইত্যাদি কেটে নিতে হবে।

মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!

image